আয়ু বিষয়ে আমার কোনও আফসোস-আহাজারি নেই;
এমনকী আমার মৃত্যুর পরও কেউ আমাকে স্মরণ করবে কি করবে না
এইসব অদরকারী ভাবনায় বিচলিত নই আমি; কী এসে যায়,
যদি আরও পঞ্চাশ বছর বেঁচে থাকি আর প্রতিবারই সিঁধেল চোরের মতো
ঢুকতে না ঢুকতেই দাঁড়াশ সাপের তাড়া-খাওয়া মানুষের মতো দৌড়ে পালায়
বসন্তমাস? যদি বাতাসের গুঞ্জনে না ফোটে একটাও প্রাণবন্ত সুর!
আছড়ে-পড়া প্রতিটি সমুদ্র-ঢেউ যদি রোদনমুখর জননীর মতো
দীর্ঘশ্বাসের প্রসঙ্গই হয়ে ওঠে আর পাখিরা ভুলে যায় স্বরবিতান?
বৈকালিক রোদের মখমলে শুয়ে যদি সেই শাদা খরগোশের স্মৃতিও
ঝাপসা হতে থাকে মনে এবং পূর্ণিমায় চাঁদকে কেবলি বৃত্তাকার
জ্যামিতি মনে হয়? কী অর্থ বয়ে আনে পাঁচ-পঞ্চাশ-পাঁচ শ' বছর?
একটা কাছিমও তো তিন শ' বছর বেঁচে থাকে!
বিশ্বব্রহ্মাণ্ড নাকচ ক'রে দিয়ে, তোমার সান্নিধ্যে আমি
আর শুধু একটা সোমত্ত-দিন বেঁচে থাকতে চাই।
বুধবার, ৪ মে, ২০১১
শুরুতে তোমাকে জিততেই হবে, মেয়ে
ওরা যদি ডেকে জুলুম করে, নাচতে বলে, নেচো,
প্রলয়-নৃত্য নেচো!
নির্বোধ মেয়ে, তবু বেঁচে থেকো,
বাঁচার মতো বেঁচো!
নাচ-তাণ্ডবে যেন পাতালের নাগ
উঠে আসে মহানিঃশ্বাসে আর ফণায়,
মাটিতে পায়ের লোহিত-দৃশ্য এঁকো
যেন দুপুরের দুচোখে রাত্রি ঘণায়!
মধ্যরাতে, বাতাস তোমাকে ফুসলিয়ে দেবে ডাক,
ইনিয়ে-বিনিয়ে বলবে অনেক কথা;
বলবে : তুমি তো বৃক্ষ নও হে, লতা!
যুক্তিতে ফাঁক, কথাতেও রাখঢাক!
কেন তুমি তা-ই মানবে অযথা?
শুরুতে তোমাকে জিততেই হবে, জিতে__
ভালোবাসা পেলে, গলতেও পারো, গ'লো!
বিজয়ের শেষে বিনয়ের কথা ব'লো!
তারপরে খুলো সমর্পণের ফিতে।
মন যদি খুশি, হৃদয় বলেছে ___ রাজি;
সত্যিকারের ভালোবাসা পেলে, হারতে কী দোষ বাজি!
প্রলয়-নৃত্য নেচো!
নির্বোধ মেয়ে, তবু বেঁচে থেকো,
বাঁচার মতো বেঁচো!
নাচ-তাণ্ডবে যেন পাতালের নাগ
উঠে আসে মহানিঃশ্বাসে আর ফণায়,
মাটিতে পায়ের লোহিত-দৃশ্য এঁকো
যেন দুপুরের দুচোখে রাত্রি ঘণায়!
মধ্যরাতে, বাতাস তোমাকে ফুসলিয়ে দেবে ডাক,
ইনিয়ে-বিনিয়ে বলবে অনেক কথা;
বলবে : তুমি তো বৃক্ষ নও হে, লতা!
যুক্তিতে ফাঁক, কথাতেও রাখঢাক!
কেন তুমি তা-ই মানবে অযথা?
শুরুতে তোমাকে জিততেই হবে, জিতে__
ভালোবাসা পেলে, গলতেও পারো, গ'লো!
বিজয়ের শেষে বিনয়ের কথা ব'লো!
তারপরে খুলো সমর্পণের ফিতে।
মন যদি খুশি, হৃদয় বলেছে ___ রাজি;
সত্যিকারের ভালোবাসা পেলে, হারতে কী দোষ বাজি!
এতে সদস্যতা:
পোস্টগুলি (Atom)